খুলনায় পৃথক ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গণপিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে রূপসা উপজেলার সেনেরবাজার ও সন্ধ্যায় নগরীর ফুলবাড়ীগেট এলাকায় এ দুটি ঘটনা ঘটে।
রূপসায় গণপিটুনির শিকার আওয়ামী লীগ নেতা মো. মনিরুজ্জামান ওরফে মনির মাস্টার। তিনি আইচগাতী ইউনিয়নের দেয়াড়া ৫ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি খুলনা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুলের ছোট ভাই।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সেনেরবাজার এলাকায় মনির মাস্টারের নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আইচগাতী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. উজ্জ্বল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে সেনেরবাজারের নিজ দোকান থেকে স্থানীয় লোকজন মনিরুজ্জামানকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, মনির মাস্টারের বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত একটি মামলাসহ মারামারি ও নাশকতার মোট তিনটি মামলা রয়েছে।
এদিকে, নগরীর ফুলবাড়ীগেটে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কার্যালয়ে ককটেল ও পেট্রোলবোমা তৈরির সরঞ্জাম থাকার অভিযোগে এটিএম লাইসুজ্জামান (৫০) নামে স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে গণপিটুনি দিয়েছেন লোকজন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় মিরাজ নামে একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নাসির শেখের দাবি, ওই কার্যালয়ে ককটেল তৈরির সরঞ্জাম, কাঁচের বোতল ও পেট্রোল পাওয়া গেছে। সেখান থেকে কম্পিউটার, ল্যাপটপ, বিভিন্ন নথিপত্র ও ভিডিও উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে নগরীর খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, ককটেল তৈরির সময় কাউকে আটক করার বিষয়ে তিনি কিছু জানেন না।
ওসি বলেন, মিরাজ নামে একজনকে আটক করে থানায় রাখা হয়েছে। তবে তার বিরুদ্ধে কী অভিযোগ, তা বিস্তারিত জানাননি তিনি।


























