স্মার্টফোনে নিয়মিত ছবি তোলার অভ্যাস থাকলে কয়েক বছরের মধ্যেই গ্যালারিতে জমে যায় হাজার হাজার ছবি ও ভিডিও। এর মধ্যে কোনো পুরোনো ছবি হঠাৎ প্রয়োজন হলে বিপাকে পড়তে হয় ব্যবহারকারীদের। ছবিটি ঠিক কোন তারিখে তোলা হয়েছিল তা মনে না থাকলে ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল করা ছাড়া উপায় থাকে না।
তবে গুগল ফটোসের ম্যাপ ভিউ ফিচার ব্যবহার করে এই সমস্যার সহজ সমাধান সম্ভব। তারিখ মনে না থাকলেও শুধু কোন স্থানে ছবিটি তোলা হয়েছিল, তা মনে থাকলেই সহজে খুঁজে বের করা যায় পুরোনো ছবি।
জায়গার নাম মনে থাকলেই মিলবে পুরোনো ছবি
উদাহরণস্বরূপ, কয়েক বছর আগে দার্জিলিং ভ্রমণে গিয়ে তোলা ছবিগুলোর তারিখ মনে না থাকলেও গুগল ফটোসের ম্যাপ ভিউয়ে সরাসরি দার্জিলিংয়ের অবস্থান খুঁজে নিলেই সেই এলাকার সঙ্গে সম্পর্কিত সব ছবি ও ভিডিও দেখা সম্ভব। অর্থাৎ তারিখ বা ফাইলের নামের পরিবর্তে অবস্থানের তথ্য ব্যবহার করেই এই সুবিধা পাওয়া যায়।
যেভাবে জানা যায় ছবির অবস্থান
ছবি তোলার সময় ফোনে জিপিএস বা লোকেশন চালু থাকলে সেই তথ্য ছবির সঙ্গে সংরক্ষিত থাকে, যা পরবর্তীতে ব্যবহার করে গুগল ফটোস ছবিগুলোকে নির্দিষ্ট স্থানের সঙ্গে যুক্ত করে। কিছু ক্ষেত্রে ছবি তোলার সময় লোকেশন বন্ধ থাকলেও লোকেশন হিস্টোরির মতো অন্যান্য সংরক্ষিত তথ্যের ভিত্তিতে গুগল ফটোস অবস্থান অনুমান করতে পারে। তবে এই সুবিধা নির্ভর করে ব্যবহারকারীর ফোন, অ্যাকাউন্ট ও সংশ্লিষ্ট লোকেশন সেটিংসের ওপর।
হিট ম্যাপে বোঝা যায় কোথায় বেশি ছবি তোলা হয়েছে
ম্যাপ ভিউয়ের আরেকটি সুবিধা হিট ম্যাপ, যার মাধ্যমে তুলনামূলক বেশি বা কম ছবি তোলা হয়েছে এমন এলাকাগুলো আলাদাভাবে চিহ্নিত হয়। এতে ব্যবহারকারী সহজেই বুঝতে পারেন কোন স্থানে সবচেয়ে বেশি ছবি তোলা হয়েছে। বাড়ি, অফিস কিংবা নিয়মিত যাতায়াতের কোনো এলাকায় বেশি ছবি তোলা হলে মানচিত্রে সেই এলাকার উপস্থিতি স্পষ্টভাবে দেখা যায়।
যেভাবে চালু করবেন ম্যাপ ভিউ
গুগল ফটোসের হালনাগাদ সংস্করণে সহজেই এই সুবিধা ব্যবহার করা যায়। এ জন্য ম্যাপে যে অবস্থানের ছবি খুঁজছেন তা নির্বাচন করে সেখানে ট্যাপ করলেই সংশ্লিষ্ট স্থানের সঙ্গে যুক্ত ছবি ও ভিডিও দেখা যাবে।
বছরের পর বছরের পুরোনো ছবিও খুঁজে পাওয়া সম্ভব
দীর্ঘদিনের সংরক্ষিত ছবির লাইব্রেরির ক্ষেত্রে ম্যাপ ভিউ বিশেষভাবে কার্যকর, বিশেষত ভ্রমণকালে তোলা ছবি খুঁজে বের করতে। কারণ অনেক সময় ছবি তোলার সঠিক তারিখ বা ফাইলের নাম মনে না থাকলেও কোথায় গিয়েছিলেন তা মনে থাকে ব্যবহারকারীর।
তাই দীর্ঘ সময় ধরে গ্যালারিতে স্ক্রল করার পরিবর্তে গুগল ফটোসের ম্যাপ ভিউ ব্যবহার করলে লোকেশন তথ্য সংরক্ষিত থাকা সাপেক্ষে কয়েক বছরের পুরোনো ছবিও অপেক্ষাকৃত দ্রুত খুঁজে পাওয়া সম্ভব।

























