বাংলাদেশের পোশাকশিল্পের বিশ্ব জয়ের পেছনে শ্রমিকদের নিরলস পরিশ্রম, দক্ষতা, ত্যাগ ও নিষ্ঠা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। শ্রমিকদের ঘাম ও শ্রমে তৈরি ‘মেড ইন বাংলাদেশ’ আজ বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা, সাফল্য ও মর্যাদার প্রতীক বলেও দাবি করেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) মাহদী আমিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজে এ কথা বলেন।
উপদেষ্টা মাহদী আমিন আরও বলেন, এই শিল্পের প্রতিটি অর্জনের সঙ্গে জড়িয়ে রয়েছে শ্রমিকদের জীবন, পরিবারের সংগ্রাম ও কারখানার ভবিষ্যৎ। তাই তাদের ন্যায্য মজুরি, প্রাপ্য মর্যাদা, নিরাপত্তা ও উন্নত জীবনমান নিশ্চিত করা শুধু অর্থনৈতিক প্রয়োজন নয়, আমাদের নৈতিক ও সমন্বিত দায়িত্ব।
মাহদী আমিন আরও বলেন, এই দায়িত্ববোধ থেকেই তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, প্রয়োজন ও ন্যায্য প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ একটি নতুন মজুরিকাঠামো নির্ধারণ করা হয়েছে। বর্তমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, শিল্পের আর্থিক সক্ষমতা ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরিকাঠামোসহ সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়েই এই ভারসাম্যপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। নতুন এই কাঠামো অনুযায়ী, গ্রেড-১-এর অধীনে সেলাই, কাটিং, আয়রনিং ও ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার ও সিনিয়র ডাইং অপারেটরদের মাসিক ন্যূনতম মজুরি ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এই গ্রেডের মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা। ফলে মজুরি বেড়েছে ৪৩ শতাংশ।
মাহদী আমিন ফেসবুক পেজে বলেন, গ্রেড-২-এর অধীনে সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটর, সিনিয়র হেলপার, সিনিয়র কলার জয়েন্টার ও সিনিয়র কাফ মেকারদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। আগে এই মজুরি ছিল ১৪ হাজার ২৭৩ টাকা। অর্থাৎ বেড়েছে ৪০ দশমিক ১১ শতাংশ।
মাহদী আমিনের মতে, গ্রেড-৩-এর অধীনে জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান ও সুইং সহকারীদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২০০ টাকা। আগে এই গ্রেডের মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা। ফলে মজুরি বেড়েছে ৪১ দশমিক ৭০ শতাংশ।
তিনি বলেন, সর্বনিম্ন গ্রেড-৪-এর অধীনে হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্টদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। আগে এই গ্রেডের মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা। ফলে মজুরি বেড়েছে ৩৬ শতাংশ।
মাহদী আমিনের মতে, ২০২৩ সালের সর্বশেষ বেতন বৃদ্ধির পর মাত্র তিন বছরের মধ্যে গ্রেডভেদে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত এই মজুরি বৃদ্ধি শ্রমিকদের আয়, জীবনমান ও আর্থসামাজিক নিরাপত্তা উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। বর্ধিত ন্যূনতম মজুরির পাশাপাশি শ্রমিকেরা তাদের প্রাপ্য ওভারটাইম ও বোনাস পাবেন। ফলে মূল বেতনের বাইরেও তাঁদের অতিরিক্ত আর্থিক প্রাপ্তি যুক্ত হবে এবং মাস শেষে মোট আয় আরও বৃদ্ধি পাবে।
প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা বলেন, আমরা বিশ্বাস করি, শ্রমিকেরা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এবং রপ্তানি সাফল্যের অন্যতম প্রধান ভিত্তি। একই সঙ্গে মনে রাখতে হবে, শ্রমিকের কল্যাণ ও শিল্পের সমৃদ্ধি একে অপরের পরিপূরক। একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক শিল্প খাতই দীর্ঘ মেয়াদে শ্রমিকদের কর্মসংস্থান, ন্যায্য মজুরি ও অধিকতর সুযোগ নিশ্চিত করতে পারে। শিল্পের সক্ষমতা ও স্থিতিশীলতা বজায় থাকলেই কর্মসংস্থান, বিনিয়োগ ও রপ্তানি প্রবৃদ্ধি সুরক্ষিত থাকবে।
মাহদী আমিন বলেন, আমরা এমন একটি তৈরি পোশাকশিল্প গড়ে তুলতে চাই, যেখানে শ্রমিক তার ন্যায্য অধিকার, প্রাপ্য মর্যাদা ও উন্নত জীবনমান পাবেন; উদ্যোক্তারা বিনিয়োগ ও উৎপাদনে আস্থা পাবেন; বেকারত্ব না বেড়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। আর বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে আরও শক্তিশালী ও সুদৃঢ় অবস্থান তৈরি করবে।
তার মতে, শ্রমিকের ন্যায্য মজুরি, মালিকপক্ষের সক্ষমতা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বার্থের সুষম সমন্বয়ই আমাদের মূল লক্ষ্য। শ্রমিকের মুখে স্বস্তি, কর্মক্ষেত্রে মর্যাদা ও শিল্পের টেকসই অগ্রগতির মধ্য দিয়েই বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।
প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা বলেন, জনপ্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ ও গ্রহণযোগ্য নতুন মজুরিকাঠামো প্রদানের জন্য মজুরি বোর্ড, শ্রমিকপক্ষ ও মালিকপক্ষকে ধন্যবাদ। শ্রমিক-মালিক ভাইবোনদের প্রতি আমাদের আন্তরিক আহ্বান-পারস্পরিক শ্রদ্ধাবোধ, আস্থা, সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমে কর্মক্ষেত্রে উৎপাদনমুখী ও আন্তরিক পরিবেশ বজায় রাখুন। কোনো ধরনের অপপ্রচার, উসকানি বা বিভ্রান্তিতে প্রভাবিত না হয়ে নিজ নিজ কর্মস্থলে উৎপাদনের স্বাভাবিক ধারা অব্যাহত রাখুন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করুন।
তার মতে, শ্রমিক-মালিকের পারস্পরিক আস্থা ও সম্মিলিত প্রচেষ্টাই গার্মেন্টস শিল্পকে আরও এগিয়ে নেবে এবং আগামী দিনের স্বনির্ভর বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে।


























