টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে রাজধানীর বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এক মাস আগে যে কাঁচা মরিচ প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হতো, এখন তা অনেক বাজারে ২০০ টাকা ছাড়িয়েছে। কোথাও কোথাও প্রতি কেজি ২৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর কৃষি মার্কেট, টাউন হল বাজার, কারওয়ান বাজার ও আশকোনা হজক্যাম্প বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ব্যবসায়ীরা জানান, কাঁচা মরিচের দাম বেড়েছে মূলত টানা বৃষ্টির কারণে। সপ্তাহ দেড়েক আগে দেশে টানা বৃষ্টি ও বন্যার কারণে সবজির সরবরাহ কমেছিল। তখন অন্যান্য সবজির সঙ্গে কাঁচা মরিচের দামও এক দফা বাড়ে। অন্যদিকে বৃষ্টি-বন্যায় দেশের বিভিন্ন এলাকায় সবজি খেতে পানি জমেছে। এতে অনেক সবজি নষ্ট হয়েছে। ফলে সবজি পণ্যের সরবরাহ সেভাবে আর বাড়েনি। এর মধ্যে দেশজুড়ে আবারও টানা পাঁচ দিনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বাজারভেদে কাঁচা মরিচের দামে পার্থক্য দেখা গেছে। মোহাম্মদপুর কৃষি মার্কেটে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। টাউন হল বাজারে একই পণ্যের দাম ২৫০ থেকে ২৮০ টাকা। কারওয়ান বাজারে ভালো মানের কাঁচা মরিচ ২০০ টাকা এবং সাধারণ মানের মরিচ ১৬০ টাকার আশপাশে বিক্রি হচ্ছে।
রাজধানীর আশকোনা হজক্যাম্প বাজারের ক্রেতা জাকির হোসেন জানান, তিনি ২৫০ গ্রাম কাঁচা মরিচ ৬০ টাকায় কিনেছেন, যা কেজিপ্রতি ২৪০ টাকার সমান। তার ভাষায়, এক সপ্তাহ আগেও একই পরিমাণ মরিচ কিনতে ৪০ টাকা খরচ হয়েছিল।
ব্যবসায়ীদের মতে, শুধু কাঁচা মরিচ নয়, প্রায় সব ধরনের সবজির দামই বেড়েছে। বর্তমানে ১০০ টাকার নিচে খুব অল্প কয়েক ধরনের সবজি পাওয়া যাচ্ছে।
এদিকে পেঁয়াজের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। এক সপ্তাহ আগে প্রতি কেজি পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৪৫ থেকে ৫০ টাকায় পৌঁছেছে।
মোহাম্মদপুর টাউন হল বাজারের সবজি বিক্রেতা আল-নাহিয়ান বলেন, পাইকারি বাজারে বৃষ্টির কারণে কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে। অন্যদিকে ক্রেতার চাহিদা অপরিবর্তিত থাকায় দাম দ্রুত বেড়েছে। একই কারণে অন্যান্য সবজির দামও বাড়তির দিকে রয়েছে।


























