বলিউড তারকাদের পিছু নেওয়া ছবিশিকারীদের আচরণ নিয়ে অনেকদিন ধরেই ক্ষোভ জমছিল বলিপাড়ায়। বিশেষ করে নারী অভিনেত্রীদের অশালীন ছবি তোলার প্রবণতা নিয়ে সম্প্রতি চরম অসন্তোষ প্রকাশ করেছিলেন সালমান খান। ভাইজানের সেই কড়া সতর্কবার্তার রেশ কাটতে না কাটতেই এবার সোচ্চার হলেন প্রখ্যাত পরিচালক ও নৃত্যপরিচালক ফারাহ খান।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ছবিশিকারীদের সরাসরি সালমানের বার্তার কথা মনে করিয়ে দিয়ে কড়া ভাষায় সতর্ক করলেন তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি স্থানে ফারাহ খানকে দেখে ছবি তুলতে এগিয়ে যান বেশ কয়েকজন ফটোগ্রাফার। দেখা মাত্রই পরিচালক তাদের প্রশ্ন করেন, সেখানে আসার কারণ কী।
ছবি তোলার আবদার জানাতেই ফারাহ তাদের জানিয়ে দেন, কোনোভাবেই যেন অশোভন বা আপত্তিজনক কোণ থেকে ছবি তোলা না হয়। সালমানের হুঁশিয়ারির কথা স্মরণ করিয়ে দিয়ে রসিকতার সুরে কিন্তু দৃঢ় কণ্ঠে তিনি বলেন, ‘সালমান ভাই পেছন থেকে ছবি তুলতে বারণ করেছেন, ঘুরুন, ঘুরুন।’
এর আগে ‘বিগ বস ২০’ অনুষ্ঠানের একটি পর্বে পাপারাজ্জিদের অনুচিত আচরণ নিয়ে বেজায় চটেছিলেন সালমনা খান। নারী তারকাদের অস্বস্তিকর ছবি তোলার তীব্র সমালোচনা করে তিনি বলেছিলেন, ‘নায়িকারা যে ধরনের শট বা অ্যাঙ্গেল মোটেও পছন্দ করেন না, তা পেছন থেকে তোলা হয় কেন? সাই মাঞ্জরেকরকে দেখেছি এটা নিয়ে অস্বস্তিতে পড়তে, নেহা ধুপিয়া এর প্রতিবাদ করেছেন। এমনকি আমার নিজের ভাগ্নির পেছনে হেঁটেও তারা এভাবে ছবি তুলেছে আর ক্যাপশনে লিখেছে ‘চিনতে পারছেন ইনি কে?’ এসব করার তারা কে?’
সালমান আরও ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ‘এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়িয়ে কষে থাপ্পড় মারা উচিত। ওদের বলা উচিত নিজেদের মা-বোনের ছবিও এভাবে তুলে দেখাতে। জঘন্য মানসিকতা! ৯০ শতাংশ নারীই এসব পছন্দ করেন না। যারা এসব ছবি তোলে, তাদের একবার সামনে পেতে চাই।’




















