বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে অভিনেতা অভিষেক বচ্চনের রসায়ন কেবল সহশিল্পীর গণ্ডিতে সীমাবদ্ধ নয়; বরং তা এক স্নেহের অনুজ ও অভিভাবকের সম্পর্কের মতো। অভিনয় ক্যারিয়ার শুরু করার বহু আগেই শাহরুখের কাছ থেকে এমন এক জীবনদর্শন পেয়েছিলেন অভিষেক, যা আজও তাঁর পেশাগত জীবনের প্রধান চালিকাশক্তি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ফেলে আসা দিনের স্মৃতিচারণ করে অভিষেক জানান, বলিউডে পা রাখার আগে প্রতি রবিবার যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার বাড়িতে নিয়মিত ক্রিকেট খেলতেন তারা। সেই আড্ডায় হৃতিক রোশন, উদয় চোপড়া ও সিকান্দার খেরের সঙ্গে নিয়মিত যোগ দিতেন শাহরুখ খানও। তরুণ এই দলের কাছে কিং খান ছিলেন বন্ধুর মতো এক অভিভাবক, যিনি অভিষেককে নানা পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে আগলে রাখতেন।
সেই সময়ের একটি ঘটনার কথা উল্লেখ করে অভিষেক বলেন, একদিন কৌতূহলবশত তিনি শাহরুখের কাছে জানতে চেয়েছিলেন তার নিজের অভিনীত প্রিয় সিনেমা কোনটি। জবাবে শাহরুখ বলেছিলেন, ‘আমার প্রিয় সিনেমা সেটাই, যেটা আমি বর্তমানে করছি। যে কাজটা আমি এই মুহূর্তে করছি, সেটা যদি আমার সবচেয়ে পছন্দের না হয়, তবে আমি সেটা করছি কেন? বর্তমান কাজটাই আমার কাছে সেরা হতে হবে। অতীতে কী হয়েছে, তা অতীত; সেটা নিয়ে পড়ে থাকার কোনো মানে নেই।’ শাহরুখের এই স্পষ্ট জীবনমন্ত্র আজও নিজের কাজের ক্ষেত্রে শতভাগ মেনে চলার চেষ্টা করেন বলে জানান অভিষেক।
উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর পরিচালক সিদ্ধার্থ আনন্দের বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী সিনেমা ‘কিং’-এ আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে শাহরুখ খান ও অভিষেক বচ্চনকে। এই ছবির মাধ্যমেই বড়পর্দায় রূপালি জগতে অভিষেক ঘটছে শাহরুখ-কন্যা সুহানা খানের। এছাড়া সিনেমাটির একটি বিশেষ নাচের দৃশ্যে কারিনা কাপুর খানের উপস্থিতির জোর গুঞ্জন রয়েছে। আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত এই চলচ্চিত্রটি।


























