ডলারের বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে সরাসরি ডলার বিক্রির পরিবর্তে এবার বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে সোয়াপের মাধ্যমে ডলার সরবরাহের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডলারের বিনিময় হার ১২৫ টাকার মধ্যে রাখতে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যাংকাররা।
বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
টাকা-ডলার সোয়াপ হলো কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে নির্দিষ্ট মেয়াদে বাংলাদেশি টাকা ও মার্কিন ডলার অদলবদলের একটি আর্থিক ব্যবস্থা। নির্ধারিত মেয়াদ শেষে পূর্বনির্ধারিত শর্ত অনুযায়ী প্রযোজ্য সুদসহ মূল মুদ্রা ফেরত দিতে হয়।
ব্যাংকাররা বলছেন, সরকারি ঋণপত্রের (এলসি) অর্থ পরিশোধে বাণিজ্যিক ব্যাংকগুলো চাপে থাকায় সোয়াপের মাধ্যমে ডলারের সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে স্বল্পমেয়াদে ডলারের বাজারে কিছুটা স্বস্তি আসতে পারে, তবে দীর্ঘস্থায়ী প্রভাবের সম্ভাবনা কম।
বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংককে জানিয়েছে, বাজারে ডলারের চাহিদা এখনো বেশি। বুধবার কয়েকটি ব্যাংক এগ্রিগেটরদের কাছ থেকে প্রতি ডলার ১২৫ টাকা ২০ পয়সা থেকে ১২৫ টাকা ৩০ পয়সা দরে রেমিট্যান্স কিনেছে।
আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ব্যাংকগুলোকে বড় অঙ্কের অর্থ পরিশোধের চাপ সামলাতে হবে। বিশেষ করে পেট্রোবাংলা ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সরকারি এলসির অর্থ পরিশোধকে কেন্দ্র করে এ চাপ তৈরি হয়েছে। সোয়াপ ব্যবস্থার মাধ্যমে ডলারের বিনিময় হার ১২৫ টাকার মধ্যে রাখতে চায় কেন্দ্রীয় ব্যাংক।
তবে অধিকাংশ বাণিজ্যিক ব্যাংকের নেট ওপেন পজিশন (এনওপি) ইতিবাচক থাকা সত্ত্বেও ডলারের দর বেশি। এতে ইঙ্গিত পাওয়া যায়, ব্যাংকগুলো প্রয়োজনের তুলনায় বেশি ডলার ধরে রাখছে।
চলতি অর্থবছরে রিজার্ভ থেকে প্রায় ৮০০ মিলিয়ন ডলার বিক্রি করেও বিনিময় হার কমাতে পারেনি বাংলাদেশ ব্যাংক। এ কারণে আপাতত রিজার্ভ থেকে সরাসরি ডলার বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য টাকা-ডলার সোয়াপ ব্যবস্থা চালু করে বাংলাদেশ ব্যাংক। এ ব্যবস্থায় সর্বনিম্ন সাত দিন থেকে সর্বোচ্চ ৯০ দিনের জন্য সোয়াপ করা যায়।
বাংলাদেশ ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে দেশের চলতি হিসাবে ঘাটতি ছিল ১ দশমিক ৩৩ বিলিয়ন ডলার।
এদিকে, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত মোট রেমিট্যান্স ও রপ্তানি আয় হয়েছে ২৮ দশমিক ৫৫ বিলিয়ন ডলার। একই সময়ে আমদানি ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।


























