ঢালিউডের জনপ্রিয় নায়ক আমিন খান। অর্ধযুগের বেশি সময় পর সিনেমায় ফিরছেন তিনি। ‘গুলশানের চামেলি’ নামের তারকাবহুল সিনেমাটি পরিচালনা করছেন মোহাম্মদ ইকবাল।
শনিবার (১ আগস্ট) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে মহরত অনুষ্ঠানে জানানো হয় অভিনয়শিল্পীদের নাম। এতে আরও অভিনয় করবেন মধুমিতা সরকার, রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর, আশীষ খন্দকার, মুকিত জাকারিয়া প্রমুখ।চলচ্চিত্রে তিন দশকের ক্যারিয়ার আমিন খানের। অভিষেক হয়েছিল ১৯৯৩ সালে মোহাম্মদ হোসেনের ‘অবুঝ দুটি মন’ চলচ্চিত্রে। এরপর উপহার দিয়েছেন জনপ্রিয় অনেক সিনেমা। ২০১০ সাল থেকে অনিয়মিত হয়ে পড়েন। ২০১৮ সালের পর গত বছর সাদেক সিদ্দিকীর ‘ডাইরেক্ট অ্যাকশন’ সিনেমা দিয়ে বড় পর্দায় ফেরেন তিনি। তবে এই সিনেমার শুটিং করেছিলেন ২০১৮-১৯ সালে। অবশেষে গুলশানের চামেলি দিয়ে আবার যুক্ত হলেন নতুন সিনেমায়।
দীর্ঘদিন পর সিনেমায় ফেরা প্রসঙ্গে আমিন খান বলেন, ‘খুব ভালো লাগছে, অনেক দিন পর সিনেমায় কাজ করছি। আমি বলব, সুযোগ হয়েছে। মাঝে অনেকটা সময় গ্যাপ দিয়েছি। কেন জানি না ব্যাটে-বলে মিলছিল না। নির্মাতা ইকবাল যখন প্রস্তাব দিল, তখন মনে হলো সিনেমাটি করা যায়। এ ছাড়া এ সিনেমায় গুণী অনেক শিল্পী কাজ করছেন। সবার চেষ্টা থাকবে একটি সুন্দর সিনেমা উপহার দেওয়ার।’
গুলশানের চামেলি নির্মিত হচ্ছে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার জীবনের বাস্তবতাকে কেন্দ্র করে। গল্প আবর্তিত হয়েছে একজন যৌনকর্মীকে ঘিরে, কোনো অপরাধ না করেও বারবার ক্ষমতার নির্মম খেলার শিকার হয় সে। এই চরিত্রে অভিনয় করবেন টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার।
এই সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হচ্ছে মধুমিতার। এর আগে ২০১৬ সালে মোশাররফ করিমের সঙ্গে একটি টিভি নাটকে অভিনয় করলেও এবারই প্রথম ঢাকাই সিনেমায় অভিনয় করবেন তিনি। মহরতে অংশ নেওয়ার জন্য গতকাল কলকাতা থেকে ঢাকায় এসেছেন মধুমিতা।
অ্যাক্সেল ফিল্ম প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর শিকদার। চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। পাঁচ বছর আগে গুলশানের চামেলির ঘোষণা দিয়েছিলেন মোহাম্মদ ইকবাল। তবে নানা জটিলতায় শুরু হয়নি কাজ। অবশেষে শুরু হচ্ছে শুটিং। নির্মাতা জানান, আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে শুটিং শুরু করার পরিকল্পনা করা হয়েছে। আগামী বছরের কোনো এক ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে গুলশানের চামেলি।


























