ভারতের জনপ্রিয় গায়ক অনুপম রায় ২০২৪ সালের ২ মার্চ গায়িকা প্রশ্মিতা পালকে বিয়ে করেন। আর বিয়ের ২ বছর পর এ দম্পতির কোলজুড়ে এলো নতুন সদস্য। সোশ্যাল মিডিয়ায় গায়ক নিজেই সুখবর ভাগ করে নিলেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনযায়ী, অনুপম ও প্রশ্মিতা যৌথভাবে একটি কার্ড শেয়ার করে অনুরাগীদের সুখবরটি জানান।
সেখানে লেখা ছিল, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের একটি ছেলে হয়েছে।’
প্রিয় গায়কের এই আনন্দের খবর ছড়িয়ে পড়তেই সহকর্মী ও অনুরাগীদের ভালোবাসার জোয়ারে ভাসছেন এই সংগীত দম্পতি।
প্রশ্মিতা সন্তানসম্ভবা এমন গুঞ্জন গানপাড়ায় বেশ কিছুদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল। তবে সম্পর্কের মতো এই ব্যক্তিগত বিষয়টিও নিজেদের মধ্যেই গোপন রাখতে চেয়েছিলেন তারা। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কোলজুড়ে এলো খুদে সদস্য।
২০২৪ সালের ২ মার্চ বেশ ঘরোয়া আবহেই রেজিস্ট্রি ও আইনি বিয়ের মাধ্যমে দাম্পত্য জীবন শুরু করেছিলেন অনুপম ও প্রশ্মিতা। এটি অনুপমের তৃতীয় বিয়ে হলেও দুজনেরই সংগীত অঙ্গনে দীর্ঘদিনের যাতায়াত ছিল। সহকর্মী থেকে বন্ধুত্ব, আর সেখান থেকেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে।
কাকতালীয়ভাবে, ২০২১ সালে অনুপমের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে বিয়ে করেন পিয়া চক্রবর্তী। গত বছর জুন মাসে পরমব্রত-পিয়া দম্পতির কোলজুড়েও এসেছে পুত্রসন্তান। এবার টলিপাড়ার সেই ‘বেবি বয়’দের তালিকায় যোগ দিলেন অনুপম-প্রশ্মিতার ছেলেও।


























