কক্সবাজারের টেকনাফ থেকে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টাকালে রোহিঙ্গাসহ ৯ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৮ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী।
উদ্ধারকৃত ৯ জন হলেন— রোহিঙ্গা ক্যাম্পের আমির হোসেন (৪৫), মোঃ জীবন (১৯), জান্নাত আরা (১৭), কক্সবাজারের আব্দুল খালেক (২৯), ফয়সল করিম (১৬), আরিফুল ইসলাম (২১),নুরুল ইসলাম (২২), আহমদ নবী (২৩) ও জাহিদ আলম (১৮)।
তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায় যে, শনিবার ৭ নভেম্বর বিকালের দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সী-বীচ বিওপির দায়িত্বপূর্ণ দক্ষিণ লম্বরীঘাট এলাকা দিয়ে কয়েকজন ব্যক্তিকে জোরপূর্বক সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে।
‘প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল উক্ত এলাকায় অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে সন্ধ্যার দিকে বিজিবির টহল দল সী বীচ বিওপির দায়িত্বপূর্ণ লম্বরীঘাট এলাকায় ২০-২৫ জন ব্যক্তিকে অবস্থান করতে দেখে। এ সময় সমুদ্র থেকে ১টি নৌকা ঘাটের দিকে আসতে দেখে বিজিবির টহল দল নৌকাটিকে ধাওয়া করে। একপর্যায়ে মানব পাচারচক্রের ১০-১৫ জন সদস্য দ্রুত নৌকায় উঠে সমুদ্রের দিকে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে জোরপূর্বক মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ৯ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা তাদের জোরপূর্বক মানব পাচারের উদ্দেশ্যে উক্ত স্থানে নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেন। উদ্ধার ৯ জন ভুক্তভোগীর পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।’


























