অস্ট্রেলিয়ার কাছে হারতেই বসেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের ৯৪ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। তবে রাফিনিয়ার কর্নার থেকে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রায়ানের গোলে সমতায় ফিরে সেলেসাওরা। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। প্রথম দিকে অস্ট্রেলিয়া কিছুটা এগিয়ে থাকলেও ধীরে ধীরে নিয়ন্ত্রণ নেয় ব্রাজিল।
প্রথমার্ধের শেষদিকে ব্রাজিলের এস্তেভাও গোল করলেও ভিএআরের হস্তক্ষেপে তা বাতিল হয়। রিপ্লেতে দেখা যায়, গোলের আগে হ্যারি সাউটারকে ফাউল করা হয়েছিল। ফলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।
বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে ব্রাজিল। ম্যাচের ৬০ মিনিটে ভিনিসিয়ুসের শট ঠেকিয়ে দেন অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিচ। ম্যাচের ৬৮ মিনিটে ম্যাচে লিড নেয় অস্ট্রেলিয়া। ডি বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রি-কিকে নেস্টরি ইরানকুন্ডার দুর্দান্ত শট গোলের ওপরের বাঁ কোণ দিয়ে জালে জড়িয়ে যায়।
এরপর গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে ব্রাজিল। একের পর এক আক্রমণ করেও নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা পায়নি সেলেসাওরা। অবশেষে ৯০+৫ মিনিটে আসে সমতাসূচক গোল। রাফিনহার কর্নার থেকে বক্সের মাঝখানে উঠে হেড করেন রায়ান। বলটি নিচের বাঁ কোণ দিয়ে জালে জড়ালে ১-১ সমতায় ফেরে ব্রাজিল।


























