আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর আগে আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মাঠে নামবেন লিওনেল মেসি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ম্যাচটিকে মেসির বিদায়ী ম্যাচ হিসেবে নির্ধারণ করেছে। তাকে শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে দেখতে মুখিয়ে আছেন সমর্থকেরা। এই মুহূর্তকে ঘিরে আবেগাপ্লুত কোচ লিওনেল স্কালোনিও।
মেসির পাশাপাশি নিজের ভবিষ্যৎ নিয়েও নিশ্চিত নন স্কালোনি। তাই মেসির বিদায়ী ম্যাচে নিজে উপস্থিত থাকতে চান বলে জানিয়েছেন তিনি। স্কালোনির মতে, মেসির মতো একজন খেলোয়াড়ের প্রাপ্য এমন একটি বিদায়, যেখানে সমর্থকদের ভালোবাসা তিনি সরাসরি অনুভব করতে পারবেন।
স্কালোনি বলেন, ‘আমি মনে করি, তার মতো একজন খেলোয়াড় এমন বিদায় পাওয়ারই যোগ্য। ব্যক্তিগতভাবেও আমি এতে কিছুটা ভূমিকা রেখেছি, কারণ তার বিদায়ের সময় সেখানে থাকতে চাই। ভবিষ্যতে আমি থাকব কি না, সেটাও এখন জানি না। তাই এই ম্যাচে তাকে রাখার জন্য আমরা চেষ্টা করেছি।’
কঠিন পরিস্থিতির মধ্যেও মেসি সমর্থকদের সামনে এসে বিদায় জানানোর ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানান স্কালোনি। তার মতে, বিদায় জানানোর জন্য মেসির সামনে এর চেয়ে উপযুক্ত সময় হয়তো আর নাও আসতে পারে।
এ প্রসঙ্গে আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমরা জানতাম, সে কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল। তারপরও নিজের মানুষদের, যারা তাকে এত ভালোবাসে, তাদের সামনে এসে বিদায় জানাতে সে যে ইচ্ছা ও চেষ্টা দেখিয়েছে, সেটাই অনেক কিছু। তাকে যদি কোনো সম্মাননা বা বিদায়ী সংবর্ধনা দিতেই হয়, তাহলে এখনই দেওয়া উচিত। কারণ পরে সেই জাদুটা হয়তো একই রকম থাকবে না। আমি মনে করি, এখনই তার সবার ভালোবাসা অনুভব করার সময়।’
বেনিনের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন মেসি। আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন তিনি। নিজের শেষ বিশ্বকাপেও করেছেন আট গোল।
মেসির সঙ্গে স্কালোনির দীর্ঘ সম্পর্কও বিদায়ের এই মুহূর্তকে আরও আবেগঘন করে তুলেছে। আর্জেন্টিনার কোচ হিসেবে মেসিকে পাওয়া নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা অভিজ্ঞতা বলে মনে করেন স্কালোনি।
তিনি বলেন, ‘আমার জন্য তাকে কোচিং করাতে পারা ছিল চূড়ান্ত অভিজ্ঞতা। এটা ছিল স্বপ্নের মতো। আমি তাকে সেটা বলেছি এবং সারা জীবন বলে যাব। তার মতো আর কেউ কখনো আসবে না। এমন একজন খেলোয়াড় খুব কমই আসে। শুধু মাঠে সে যা করে তার জন্য নয়, মাঠের বাইরেও সে যা প্রকাশ করে, তার জন্য। এটা উপভোগ করি।’


























