টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন বিরাট কোহলি। শুধু ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের এই তারকা ব্যাটার। এবার সেখানেও থামার পালা। আগামী বছরই শেষ ওয়ানডে বিশ্বকাপ খেলার ঘোষণা দিয়েছেন সময়ের অন্যতম সেরা এই ক্রিকেটার।২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। ৪ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে ৫০ ওভার সংস্করণে এই বিশ্বকাপ।
ভারতের মিডিয়া ‘জিওস্টার’–এর সঙ্গে আলাপচারিতায় এই সিদ্ধান্ত জানান কোহলি। তিনি বলেন, ‘আমার জন্য, এটাই ভারতের হয়ে খেলা আমার শেষ বিশ্বকাপ। এটাই আমার প্রেরণা এবং মাঠে নিজের সবকিছু উজাড় করে দেওয়া। আর অবশ্যই, লক্ষ্যটা হলো বিশ্বকাপ জেতা এবং এর জন্য যা যা করা দরকার, আমি তার জন্য পুরোপুরি প্রস্তুত।’
ওয়ানডে বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা সবচেয়ে বেশি বলে মনে করেন কোহলি। তিনি বলেন, ‘৫০ ওভারের বিশ্বকাপের তীব্রতা অন্য যেকোনো কিছুর চেয়ে অনেক বেশি। কারণ, এখানে টি-টোয়েন্টি ক্রিকেটের সমপরিমাণ তীব্রতা নিয়ে প্রায় ১০ ম্যাচ খেলতে হয়। বাস্তবে দেখা যায়, এক দিনেই যেন আড়াইখানা টি-টোয়েন্টি ম্যাচের ধকল সইতে হয়।
বিশ্বকাপের মতো এত বড় টুর্নামেন্টে টানা ১০টি ম্যাচজুড়ে একই পর্যায়ের তীব্রতা বজায় রাখা সত্যিই অনেক বড় বিষয়।’ওয়ানডে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান কোহলির এ পর্যন্ত ৩৭ ম্যাচে ৫৯.৮৩ গড়ে করেছেন ১,৭৯৫ রান। ৫টি সেঞ্চুরির সঙ্গে করেছেন ১২টি ফিফটি। বিশ্বকাপে শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ ২২৭৮ রানের রেকর্ড ভাঙতে আর ৪৮৪ রান চাই কোহলির।


























