ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন দেশটির ২০ বছর বয়সী প্রতিশ্রুতিশীল ফুটবলার মাহমুদ কামাল ফারেস আবদেল-মালেক। মঙ্গলবার স্থানীয় সময় গাজা সিটির দক্ষিণাঞ্চলীয় সাবরা এলাকায় চালানো এক হামলায় তিনি প্রাণ হারান। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
আবদেল-মালেক গাজা স্পোর্টস ক্লাবের অধিনায়ক ও গোলরক্ষক ছিলেন। ক্লাবটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক শোকবার্তায় তাঁকে ক্লাবের কিংবদন্তি ও মূল দলের গোলরক্ষক হিসেবে উল্লেখ করে গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।
পিএফএর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানে এখন পর্যন্ত নিহত ক্রীড়াবিদ ও ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তির সংখ্যা বেড়ে ১ হাজার ১৭ জনে দাঁড়িয়েছে। মর্মান্তিক বিষয় হলো, মৃত্যুর মাত্র পাঁচ দিন আগেই আবদেল-মালেক গাজায় নিহত এক হাজারের বেশি ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তার স্মরণে আয়োজিত ‘থাউজ্যান্ড মার্টার্স কাপ’ টুর্নামেন্টের গাজা ও উত্তর গাজা বিভাগের ফাইনালে খেলেছিলেন।
অধিকৃত পশ্চিম তীরের ১৪৬টি, গাজার ৪৪টি এবং লেবাননের ফিলিস্তিনি শরণার্থীশিবিরের ৩৬টিসহ দুই শতাধিক ক্লাব নিয়ে তিনটি অঞ্চলে একযোগে শুরু হয়েছিল এই স্মারক প্রতিযোগিতা। গাজা বিভাগের ফাইনালে আবদেল-মালেকের দল গাজা স্পোর্টস ক্লাব রানার্সআপ হয়েছিল। এর মাত্র কয়েক দিন আগে গত শুক্রবার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারায় ১৫ বছর বয়সী আরেক কিশোর মোহাম্মদ নিদাল বারবাক।
ফিলিস্তিন স্পোর্টস মিডিয়া ফেডারেশনের মহাসচিব মুস্তফা সিয়াম জানিয়েছেন, ইসরায়েলি হামলায় গাজার ক্রীড়া অবকাঠামো প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার ৫৬টি ক্রীড়া ক্লাবের মধ্যে ৫০টিরও বেশি ধ্বংস হয়ে গেছে এবং ফিফার সহায়তায় নির্মিত প্রায় ২০টি পাঁচ-এ-সাইড ফুটবল মাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে।


























