সিলেট টেস্টের চতুর্থ দিনেও রাজত্ব করেছে ব্যাটাররা। বাংলাদেশের বোলারদের সুযোগ না দিয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন কেভম হজ।
তার সেঞ্চুরিতে ৩১৫ রানের লিড নিয়ে চতুর্থ দিন শেষ করেছে ক্যারিবীয়ানরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার ব্রান্ডন কিং ও জশুয়া ডি সিলভা। উদ্বোধনী জুটিতে ৮৫ রান যোগ করেন এই দুই ওপেনার।
এরপর জশুয়াকে আউট করে চতুর্থ দিনে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাইজুল ইসলাম। ৩৬ রান করে সাজঘরে ফিরে যান এই ক্যারিবীয়ান ওপেনার। তবে ফিফটি তুলে নেন কিং।
এরপর দলীয় ১১৯ রানে ৮৪ বলে ৬১ রান করা কিংকে আউট করে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন মেহেদী হাসান মিরাজ। এরপর কাভেম হজ ও কেভিন উইকহ্যাম মিলে রানের চাকা সচল রাখেন। ১৬৫ রানের জুটি গড়েন তারা।
এরই মাঝে ১৪২ বলে সেঞ্চুরি তুলে নেন হজ। টেস্টে এটি তার তৃতীয় সেঞ্চুরি। হজ সেঞ্চুরির দেখা পেলেও ৭৮ রান করে তাইজুলের দ্বিতীয় শিকার হন উইকহ্যাম।
এরপর ক্রিজে আসা আমির জাঙ্গুকে সঙ্গে নিয়ে দিনের বাকী খেলা শেষ করে আসেন হজ। ৮৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৪৫ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। হজ ১৪০ ও জাঙ্গু ২০ রানে অপরাজিত আছেন।


























