উয়েফা নেশনস লিগে টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে পর্তুগাল। রোববার (২৭ সেপ্টেম্বর) নরওয়ে ২-১ গোলে জয় পেয়েছে তারা। এই ম্যাচে পুরোটা সময় বেঞ্চে বসে কাটিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দলের জয়ের পর সতীর্থদের সঙ্গে মাঠে থেকে জয় উদযাপন করেননি তিনি। সরাসরি ড্রেসিংরুমে চলে যান এই পর্তুগিজ মহাতারকা।
ম্যাচ শেষে পর্তুগালের সব খেলোয়াড়, একাদশে থাকা কিংবা বদলি, উলেভাল স্টেডিয়ামের সেই অংশে চলে যান, যেখানে দলের সমর্থকেরা ছিলেন। সমর্থকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি জয় উদযাপন করেন তারা। কিন্তু সেখানে ছিলেন না রোনালদো। তিনি সোজা ড্রেসিংরুমের পথ ধরেন।
পর্তুগালের হয়ে রোনালদোর ৯০ মিনিট বেঞ্চে কাটানোর সর্বশেষ ঘটনা ছিল ২০২৪ সালের জুনে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিতে ক্রোয়েশিয়ার বিপক্ষে লিসবনের এসতাদিও দো জামোরে আয়োজিত প্রীতি ম্যাচেও পুরো সময় বেঞ্চে ছিলেন তিনি।
তবে প্রতিযোগিতামূলক ম্যাচে রোনালদোকে পুরো ম্যাচ বেঞ্চে রাখার ঘটনা আরও পুরোনো। সর্বশেষ ২০০৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে মাঠে নামানো হয়নি। অবশ্য সেই ম্যাচের আগেই পরের পর্ব নিশ্চিত করে ফেলেছিল পর্তুগাল।
নরওয়ের বিপক্ষে ম্যাচ শেষে দলের সঙ্গে মাঠে রোনালদোর না থাকা নিয়ে পর্তুগালের কোচ জর্জ জেসুসের কাছে জানতে চাওয়া হয়েছিল। তবে আরটিপির দ্রুত সাক্ষাৎকারের জায়গায় এ বিষয়ে কোনো উত্তর দেননি তিনি।


























