ভারতীয় ক্রিকেটের মহাতারকা বিরাট কোহলি। তাকে একনজর দেখতে ও অটোগ্রাফ পেতে উন্মুখ হয়ে থাকেন ক্রিকেটপ্রেমীরা। তবে এবার কোহলির সঙ্গে যা হলো, তা নিশ্চয়ই তিনি আশা করেননি।
শনিবার (৭ নভেম্বর) ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে সীমানার ধারে ফিল্ডিং করছিলেন কোহলি। এমন সময় এক দর্শক ছোট একটি প্লাস্টিকের ব্যাট মাঠের ভেতরে ছুড়ে মারেন। এতে বিরক্তি প্রকাশ করেন ভারতের অভিজ্ঞ এই ক্রিকেটার।
ধারণা করা হচ্ছে, কোহলির কাছ থেকে অটোগ্রাফ পেতেই দর্শক ব্যাটটি মাঠে ছুড়েছেন। তবে এমন আচরণে কোহলি যে অসন্তুষ্ট, সেটা তার অভিব্যক্তিতে ফুটে উঠেছে। প্লাস্টিকের ব্যাটটি তুলে মাঠের বাইরে ছুড়ে ফেলেন। দর্শকেরা যেন এমনটা না করেন, সেই বুঝিয়েছেন কোহলি। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ডাকওয়ার্থ লুইস এন্ড স্টার্ন (ডিএলএস) মেথডে ৪ রানে হারিয়েছে ভারত। শুরুতে ভারতের তারকাখচিত ব্যাটিং লাইনআপ চাপে পড়লেও লোকেশ রাহুলের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় নিশ্চিত হয় সফরকারীদের।
৪৭ ওভারে নিউজিল্যান্ডের দেওয়া ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ভারত করে ১১৩ রান। তখনো ২৬ রানে অপরাজিত ছিলেন রাহুল। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় ডিএলএস মেথডে ভারতের পার স্কোর ছিল ১০৯ রান। পরে খেলা শুরু করার মতো পরিস্থিতি ছিল না। ভারত জেতে ৪ রানে।


























