মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে স্পিনের জালে আটকানোর পরিকল্পনা ছিল বাংলাদেশের। কিন্তু শেষ পর্যন্ত নিজেদের পাতা ফাঁদে নিজেরাই আটকে গেল। প্রথম ইনিংসে লিড নিয়েও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছেন স্বাগতিকরা। তাতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও অবনতি হয়েছে বাংলাদেশের। পিছিয়ে পড়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার দৌড় থেকে।
মিরপুর টেস্টের এই হারকে নিজেদের জন্য ‘ওয়েকআপ কল’ বা সতর্কবার্তা হিসেবে দেখছেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। গতকাল মিরপুরে একাডেমি মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুশতাক জানিয়েছেন, স্পিনারদের মূল শক্তি হতে হবে বল ঘোরানো। অর্থাৎ উইকেটে বল টার্ন করানোর সক্ষমতাই একজন স্পিনারের সবচেয়ে বড় অস্ত্র। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন স্পিনার হিসেবে আপনাকে বল ঘোরাতেই হবে। কারণ, আপনি যখন বল স্পিন করাবেন, তখনই ব্যাটারদের পরাস্ত করতে পারবেন।’
হারের পর স্পিনারদের প্রক্রিয়া মেনে চলার বার্তা দিয়েছেন বাংলাদেশের এই স্পিন বোলিং কোচ। তার মতে, ম্যাচ জেতার চাপেও নিজেদের স্বাভাবিক বোলিংয়ের ধরন থেকে সরে আসা যাবে না। মুশতাক বলেন, ‘আমরা স্পিনারদের বল ঘোরাতে এবং গতি কম রাখতে বলি। কিন্তু কখনো কখনো ম্যাচ জেতার চাপে আমরা নিজেদের প্রক্রিয়াটা ভুলে যাই। এমন ম্যাচ আসলে আমাদের জন্য বড় একটি সতর্কবার্তা। একই প্রক্রিয়া অনুসরণ করে বল স্পিন করানোর চেষ্টা করতে হবে, যাতে ধারাবাহিকভাবে উইকেট তুলে নেওয়ার পরিবেশ তৈরি হয়।’
মিরপুর টেস্টে স্পিননির্ভর কৌশল কাজে না আসায় এখন নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার দিকে মনোযোগ দিতে চান মুশতাক। সিলেট টেস্টে নিজেদের পরিকল্পনায় এগোতে চান তিনি। এছাড়াও রবি বোলিং হান্টে অংশ নেওয়া তরুণ স্পিনারদের নিয়ে মুশতাক বলেন, ‘আমি যেটা বললাম তাদের অ্যাটিচিউড রয়েছে। ক্যারেক্টার রয়েছে। স্পিনারদের জন্য এই বিষয়টাগুলো গুরুত্বপূর্ণ। তারা খেলাটা খুব ভালোবাসে জানে। যদিও তারা অনেক তরুণ, তারা তাদের বোলিং সম্পর্কে জানে। আমি যখন ভিডিও রেকর্ড করেছিলাম দেখেছি, তারা জানে তাদের কোথায় উন্নতি করতে হবে, যা ভালো লক্ষণ।’


























